ক্যারিবীয় সাগরের দ্বীপরাষ্ট্র কিউবার উত্তর-পশ্চিম উপকূলে রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূকম্পনবিদদের মতে, এই অঞ্চলে গত প্রায় ১৫০ বছরের মধ্যে এটিই সবচেয়ে তীব্র ভূমিকম্প।
স্থানীয় সময় সোমবার (৮ জুন) সংঘটিত এই ভূমিকম্পের প্রভাব কিউবা ছাড়িয়ে মেক্সিকো উপসাগর, পুরো ক্যারিবীয় অঞ্চল এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চল পর্যন্ত অনুভূত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা United States Geological Survey (USGS) জানিয়েছে, ভূ-পৃষ্ঠের প্রায় ২৬ কিলোমিটার গভীর থেকে এই কম্পনের উৎপত্তি হয়। কেন্দ্রস্থল ছিল পশ্চিম কিউবার মানতুয়া শহর থেকে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে প্রায় ১০৪ কিলোমিটার দূরে।
বিজ্ঞানীরা ঘটনাটিকে অত্যন্ত বিরল ও অস্বাভাবিক বলে উল্লেখ করেছেন। তাদের মতে, সাধারণত বড় ভূমিকম্প টেকটোনিক প্লেটের সংযোগস্থলে ঘটে, কিন্তু এই কম্পন ঘটেছে একটি নির্দিষ্ট প্লেটের অভ্যন্তরে, যা এটিকে আরও ব্যতিক্রমী করে তুলেছে।
USGS আরও জানায়, ১৮৮০ সালে সান ক্রিস্তোবালের কাছে প্রায় ৬ মাত্রার একটি ভূমিকম্পের পর থেকে গত দেড় শতাব্দীতে এই ৩২০ কিলোমিটার ব্যাসার্ধে এত শক্তিশালী ভূকম্পনের নজির নেই।
ভূমিকম্পের তীব্রতায় কিউবার হাভানা ও পিনার দেল রিওতে বহুতল ভবনগুলো দুলে ওঠে। আতঙ্কিত মানুষজন দ্রুত রাস্তায় নেমে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।