
প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৪, ১৭:৪২

ভিয়েতনামের ডং নাই প্রদেশে সামরিক প্রশিক্ষণ চলাকালে এক ভয়াবহ বিস্ফোরণে ১২ সেনা নিহত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) রাতে সপ্তম সামরিক অঞ্চলের একটি শুটিং রেঞ্জে এই দুর্ঘটনা ঘটে।
বুধবার দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ভিয়েতনাম নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করে। প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের সময় সেনারা বিস্ফোরক পদার্থ পরিবহণ করছিলেন। ঠিক তখনই বজ্রপাত আঘাত করলে বিস্ফোরণ ঘটে।
দুর্ঘটনায় নিহতদের অধিকাংশের লাশ উদ্ধার করা হয়েছে। তবে কয়েকজন সেনা এখনো নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এটি সামরিক ইউনিট, তাদের স্বজন এবং সহকর্মীদের জন্য এক বড় ক্ষতি। প্রতিরক্ষা মন্ত্রী ফান ভ্যান গিয়াং দুর্ঘটনার সঠিক কারণ খুঁজে বের করতে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।

নান ড্যান নামক রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যুদ্ধের মহড়া শুরুর ঠিক একদিন আগে, যখন প্রতিরক্ষামন্ত্রী বিশেষ বক্তৃতা দিয়েছিলেন।
বিস্ফোরণের ঘটনাটি দেশব্যাপী শোকের ছায়া ফেলেছে। এই দুর্ঘটনা সামরিক বাহিনীর নিরাপত্তা ব্যবস্থাপনা এবং প্রশিক্ষণ কার্যক্রমে আরও সতর্কতার প্রয়োজনীয়তা তুলে ধরেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ভিয়েতনাম সরকার মৃত সেনাদের প্রতি সম্মান জানিয়ে তাদের পরিবারকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সামরিক প্রশিক্ষণের নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়নের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এই মর্মান্তিক ঘটনায় দেশটির সামরিক বাহিনীর জন্য এটি একটি বড় আঘাত, যা আরও দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও ব্যবস্থাপনার গুরুত্বকে স্পষ্ট করে তুলেছে।