
প্রকাশ: ২৬ জুন ২০২১, ২০:৩৩

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সন্ত্রাসীদের গাড়িবোমা হামলায় জাতিসংঘের ১৩ শান্তিরক্ষী আহত হয়েছেন।
মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (মিনুসমা) মুখপাত্র জানিয়েছেন, গত শুক্রবার দেশটির গাও অঞ্চলের ইচাগারা গ্রামে শান্তিরক্ষীদের একটি অস্থায়ী ঘাঁটিতে হামলা চালায় সন্ত্রাসীরা। ওই অঞ্চলে আল কায়েদা ও আইএসের মতো জঙ্গি গোষ্ঠীগুলো সক্রিয় বলে জানা যায়।
এদিকে, মালির সেনাবাহিনী জানিয়েছে, দেশটির মপ্তি অঞ্চলে হামলার শিকার হয়ে তাদের ছয় সেনা নিহত এবং আরও একজন আহত হয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

পশ্চিম আফ্রিকার দেশটিতে ২০১৩ সাল থেকে এ পর্যন্ত মোট ২৪৫ শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন।
#ইনিউজ৭১/এনএইচএস/২০২১