প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ১১:২২

ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোয়ায় নিজ বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভোরে বাসভবনে অচেতন অবস্থায় পাওয়া যায় নানা পাটেকারকে। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে তাকে বাঁচানোর চেষ্টা করেন। তবে চিকিৎসায় সাড়া না পাওয়ায় সকাল ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।
নানা পাটেকারের আসল নাম বিশ্বনাথ পাটেকার। ১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রের মুরুদ-জঞ্জিরায় জন্মগ্রহণ করেন তিনি। দীর্ঘ অভিনয়জীবনে হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে অসংখ্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন।
অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাতা ও লেখক হিসেবেও কাজ করেছেন নানা পাটেকার। পর্দায় শক্তিশালী উপস্থিতি, সংলাপ বলার নিজস্ব ধরন এবং চরিত্রের গভীরে পৌঁছানোর অভিনয়শৈলীর কারণে দর্শক-সমালোচকদের কাছে বিশেষ গ্রহণযোগ্যতা পান তিনি।

‘পারিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অগ্নিসাক্ষী’, ‘অ্যাব তাক ছাপ্পান’, ‘ওয়েলকাম’ ও ‘নটসম্রাট’-এর মতো উল্লেখযোগ্য সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে। বিভিন্ন সময়ে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি।
অভিনয়জীবনে নানা পাটেকার একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পুরস্কার অর্জন করেন। ২০২৬ সালেও ‘ও’ রোমিও’ ও ‘সুবেদার’-এর মতো সিনেমায় তাকে দেখা গেছে।

তার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বলিউড ও মারাঠি চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।
নানা পাটেকারের মৃত্যু ভারতীয় চলচ্চিত্রে দীর্ঘ ও বৈচিত্র্যময় এক অধ্যায়ের অবসান ঘটাল। অভিনয়ের পাশাপাশি নির্মাণ ও লেখালেখিতে তার অবদানও চলচ্চিত্রাঙ্গনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।