
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২১, ২৩:১৫

কদিন আগেই কান চলচ্চিত্র উৎসব গিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়ে এসেছে বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। এরপর গেছে ‘বুসান’ চলচ্চিত্র উৎসবে। সামনে যাচ্ছে একাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার)। ৯৪তম একাডেমি অ্যাওয়ার্ডে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশ থেকে লড়াই করবে সিনেমাটি।
কান হয়ে শুধু অস্কারে নয়, এবার সাদ-বাঁধনের নাম উঠলো খোদ বিসিএস প্রিরিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রেও! অনেকের চোখে বিষয়টি মামুলি মনে হলেও, চলচ্চিত্রজনের কাছে খবরটি বাড়টি বার্তা বহন করে। কারণ, বাংলা চলচ্চিত্র কিংবা নির্মাতা-শিল্পীদের নিয়ে জাতীয় শিক্ষাক্ষেত্রে এমন কোনও ছাপ সচরাচর পড়ে না।
এত এত সাফল্য নিয়ে আসা সিনেমাটি নিয়ে এবার প্রশ্ন রাখা হয়েছে দেশের ৪৩ তম সিভিল সার্ভিস (বিসিএস) এর প্রিলিমিনারি পরীক্ষায়। সেখানে জানতে চাওয়া হয়েছে, 'রেহানা মরিয়ম নূর' চলচ্চিত্রের পরিচালক কে? এর পরিচালক আবদুল্লাহ মোহাম্মাদ সাদ। যেখানে একটি প্রশ্ন রয়েছে এমন: ‘রেহেনা মরিয়ম নূর’ চলচ্চিত্রটি পরিচালনা করেন-
ক. জেরেমি চুয়া খ. আবদুল্লাহ মোহাম্মদ সাদ
গ. রাজীব মহাজন গ. আজমেরী হক বাঁধন
কোনো ট্যাগ পাওয়া যায়নি
এমন প্রশ্নের রেশ ধরে শুক্রবার (২৯ অক্টোবর) দুপুর থেকে ফেসবুকে উচ্ছ্বাস ছড়াচ্ছেন সিনেমা সংশ্লিষ্টরা। যুক্ত হয়েছেন সিনেপ্রেমিরাও। খবরটি প্রথম প্রকাশ করেন ‘ঢাকা অ্যাটাক’ ছবির শিল্পনির্দেশক আসিফ চৌধুরী। এরপর মুগ্ধতা প্রকাশ করেন নির্মাতা শিহাব শাহীনসহ অনেকে। আবার ছবিটির নামের বানান (রেহেনা) ভুল লেখায় সমালোচনাও হচ্ছে প্রশ্নকর্তাদের!

খোঁজ নিয়ে জানা যায়, ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রের সবগুলো সেটে এই প্রশ্নটি স্থান পেয়েছে। কোথাও ৫০ নম্বর প্রশ্ন কোথাও রয়েছে ৮৭ নম্বরে।
এমন খবরে মুগ্ধতা প্রকাশ করা স্বাভাবিক টিম ‘আরএমএন’-এর। তবে মুগ্ধতার চেয়ে বিস্ময় প্রকাশ করলেন এর প্রধান নেত্রী আজমেরী হক বাঁধন। বললেন, ‘গতকালই (২৮ অক্টোবর) আমি দিল্লি থেকে ঢাকায় নামলাম। এসে টিম থেকে জন্মদিনের সারপ্রাইজ গিফট পেলাম ছবিটির মুক্তির তারিখ। বিশ্ব মাতিয়ে ১২ নভেম্বর আমরা মুক্তি পাচ্ছি দেশের প্রেক্ষাগৃহে! এমন খবরের একদিনের মাথায় পেলাম বিসিএস-চমক! কি বলবো, বুঝতে পারছি না। এটুকু বুঝি, ভালো সিনেমার প্রতিধ্বনি বা প্রতিচ্ছবিগুলো সম্ভবত এমনই হয়। নানা মাধ্যমে নানা মাত্রায় ভেসে ভেসে আসে ভালোবাসাগুলো।’
২০২১ সালে নির্মিত এই সিনেমার প্রটোকল ও মেট্রোর ব্যানারে প্রযোজনা করেছেন জেরেমি চুয়া এছাড়াও সহ-প্রযোজনা করেছে সেন্সমেকারস প্রোডাকশন। যদিও এই সিনেমাটি বাংলাদেশি প্রেক্ষাগৃহে এখনও মুক্তি পায়নি।
৩৭ বছর বয়সী একজন সহকারী অধ্যাপকের জীবন-সংগ্রামের গল্পে নির্মিত হয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। যে চরিত্রের নাম রেহানা। চরিত্রটি করেছেন আজমেরী হক বাঁধন।
উল্লেখ্য, সরকারি কর্মকমিশনের (পিএসসি) আওতায় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ। শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।