
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১৭:৫৭

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সামান্য নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাব পদ্ধতিতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬ দশমিক ০৮ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাবে বর্তমানে রিজার্ভের পরিমাণ তিন হাজার ৬০৮ কোটি ২২ লাখ ৫০ হাজার ডলার।
অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে তিন হাজার ১৫৩ কোটি ২৩ লাখ ডলার বা ৩১ দশমিক ৫৩ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২৪ জুন নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল তিন হাজার ৬১০ কোটি ৩৮ লাখ ৯০ হাজার ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল তিন হাজার ১৫৫ কোটি ২৬ লাখ ৭০ হাজার ডলার। একদিনের ব্যবধানে উভয় হিসাবেই সামান্য হ্রাস পেয়েছে রিজার্ভের পরিমাণ।

এর আগে ২৩ জুন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল তিন হাজার ৫৭৯ কোটি ৮১ লাখ ১০ হাজার ডলার। একই সময়ে বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল তিন হাজার ১২৪ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলার। জুন মাসজুড়ে রিজার্ভে ওঠানামার এই ধারা অব্যাহত রয়েছে।
গত ১৭ জুন ও ১৫ জুনের হিসাবেও রিজার্ভের পরিমাণ ৩৫ থেকে ৩৬ বিলিয়ন ডলারের মধ্যে অবস্থান করেছে। অর্থনীতিবিদদের মতে, বৈদেশিক ঋণ পরিশোধ, আমদানি ব্যয় এবং বৈদেশিক মুদ্রার প্রবাহের ওপর রিজার্ভের অবস্থান নির্ভর করে।
উল্লেখ্য, গত ১৪ জুন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) একশ কোটি পাঁচ লাখ ডলারের বাজেট সহায়তা দেশে আসার পর বৈদেশিক মুদ্রার রিজার্ভে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গিয়েছিল। তবে পরবর্তী সময়ে বিভিন্ন আন্তর্জাতিক পরিশোধের কারণে রিজার্ভে আবারও কিছুটা কমতির চিত্র দেখা যাচ্ছে।