বাংলাদেশ সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও শক্তিশালী করতে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক। শুক্রবার (২৪ এপ্রিল) সংস্থাটির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
‘সেকেন্ড স্ট্রেংথেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রাম’-এর সাবপ্রোগ্রাম-২ এর আওতায় এই অর্থ সহায়তা প্রদান করা হবে। এই কর্মসূচির লক্ষ্য হলো দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও দক্ষ, বিস্তৃত ও কার্যকর করে তোলা এবং দারিদ্র্য ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা।
বাংলাদেশে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, এই উদ্যোগ দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক কাঠামোতে উন্নীত করবে। বিশেষ করে নারীসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নিরাপত্তা জোরদার করা হবে। একই সঙ্গে অবদানভিত্তিক সামাজিক সুরক্ষা স্কিম চালু হলে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে।
কর্মসূচির আওতায় নতুন অবদানভিত্তিক সামাজিক সুরক্ষা ব্যবস্থা চালু করা হবে, যা ভবিষ্যতে সরকারি রাজস্বের ওপর চাপ কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি বিদ্যমান বিধবা ভাতা কর্মসূচির পরিধি সম্প্রসারণ করে অতিরিক্ত অন্তত দুই লাখ পঞ্চাশ হাজার নারীকে সহায়তার আওতায় আনা হবে।
এছাড়া জলবায়ু সহনশীল কর্মসংস্থানভিত্তিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে সামাজিক সুরক্ষা কার্যক্রম আরও শক্তিশালী করা হবে। বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন ব্যবস্থার মাধ্যমে নারী উদ্যোক্তাদের আর্থিক সেবায় প্রবেশাধিকারের হার কমপক্ষে ১৫ শতাংশ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এসব উদ্যোগ ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন, নারীর অর্থনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি এবং দারিদ্র্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।