
প্রকাশ: ১৪ জুলাই ২০২২, ১:৩২

র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অভিযানে বিপুল পরিমান ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে নগরকান্দা থানাধীন জয়বাংলা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব-৮ সিপিসি-২ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, মেহেরপুর থেকে ফেন্সিডিলের একটি চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর র্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল জেলার জয়বাংলা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকা থেকে মেহেরপুর সদর থানার রাজনগর গ্রামের বাসিন্দা মোঃ সাত্তার মন্ডলের পুত্র মোঃ ছমিরুল মন্ডল (৩৮) কে আটক করে এবং তার কাছ থেকে ৪শ ৮৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
র্যাব আরো জানায়, আটককৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে সে পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ পিকআপ যোগে ফেন্সিডিল সরবরাহ করে ফরিদপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয় করে আসছে।

এ ঘটনায় আটককৃতকে আসামী করে র্যাব বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।