
প্রকাশ: ৮ জুলাই ২০২২, ১:২৩

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অভিনব কৌশলে ফেন্সিডিলের বিকল্প হিসেবে নতুন করে ফেয়ারডিল নামের মাদক বাংলাদেশে প্রবেশ করছে।
শুক্রবার (৮ জুলাই) হিলি রেলস্টেশন দিয়ে বিজিবির চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ৩৪ বোতল ফেয়ারডিলসহ শিবলু আকতার (১৯) ও বাধন সরকার (২৩) নামের দুই যুবককে আটক করেছে হিলি রেলওয়ে পুলিশ।
আটককৃত শিবলু হিলির মধ্যবাসুদেবপুর গ্রামের নাছিম উদ্দিনের ছেলে ও বাধন একই এলাকার মোনার ছেলে।

হিলি রেলওয়ে জিআরপি ফাঁড়ি ইনচার্জ কায়কোবাদ হোসেন বলেন, শুক্রবার দুপুরে জুম্মার নামাজের সময় সীমান্ত অতিক্রম করে দেশে মাদক নিয়ে একটি চোরাকারবারী দল প্রবেশ করবে এমন সংবাদ পায় পুলিশ। সেই সংবাদের ভিত্তিতে সকাল থেকেই সতর্কবস্থানে ছিল হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা। ঠিক নামাজ শেষের আগমুহুর্তে দুই যুবক একটি বস্তা নিয়ে দৌড় দিলে দায়ীত্বরত পুলিশ সদস্য ফাঁড়ির সামনে থেকে তাদের আটক করে। এসময় তাদের নিকট থেকে ৩৪ বোতল ফেয়ারডিল নামের নতুন মাদক উদ্ধারসহ একটি মটরসাইকেল জব্দ করে।
এঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের পুর্বক পার্বতীপুর রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।