
প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ৪:৩০

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে দূর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়। শনিবার দিবাগত রাতের ওই ডাকাতির ঘটনায় ১৩ টি ব্যবসা প্রতিষ্ঠানে গণডাকাতি করে প্রায় ৩৩ লাখ টাকা ও ৩৫ কার্টুনের মতো সিগারেট লুট করে নিয়েছে সশস্ত্র ডাকাত দল।পরে পালরদি নদী হয়ে ট্রলারযোগে পালিয়ে যায় ডাকাত দল।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে হাফ প্যান্ট পরিহিত ২৫/৩০ জন সশস্ত্র ডাকাত দল বন্দরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের শাটার ও তালা ভেঙ্গে দোকানের ভিতরে প্রবেশ করে। এসময় দোকানের মধ্যে থাকা লোকজনদের মারধর ও জিম্মি করে ব্যবসা প্রতিষ্ঠানের আলমিরা এবং সিন্দুক ভেঙ্গে নগদ টাকা লুট করে নিয়ে যায়। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা আরো জানান, মুখোশ পড়া অস্ত্রধারী ডাকাত দল টরকী বন্দরের ভিতরে দুটি চেক পোষ্ট বসিয়ে দোকানের তালা বিশেষ যন্ত্র দ্বারা ভেঙ্গে ভিতরে প্রবেশ ফিল্মি ষ্টাইলে ডাকাতি করে।তারা প্রথমে ৬ জন পাহারাদার, বন্দরে চলাচলরত ব্যবসায়ী, শ্রমিক ও পথচারীসহ বহু মানুষকে মানুষকে বেঁধে জিম্মি করে, তারপর ডাকাতি করে।
জেরিন এন্টাপ্রাইজের মালিক গাজী জাকির হোসেন জানান, তার দোকানের তালা ও সিন্দুক ভেঙ্গে দোকান তছনছ করে সিন্দুকে থাকা ৩০ হাজার টাকা নিয়ে যায়। তালুকদার মেডিকেল হল বিকাশ পয়েন্টের মালিক অহিদুল ইসলাম জানান, ডাকাতরা বিশেষ যন্ত্রের মাধ্যমে দোকানের ৪টি তালা ভেঙ্গে নগত পোনে ৪ লাখ টাকা লুট করেছে। এ ছাড়া মোল্লা এন্টাপ্রাইজ, পূন্য রায়ের গদি ঘর, নিত্য রায়, গোলক রায়, পরিমলের মুদি দোকান, বিপুল দাসসহ ১৩ টি দোকানে ডাকাতরা ডাকাতি করে ট্রলার নিয়ে চলে যায়।


টরকী বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি ও বরিশাল জেলা পরিষদের সদস্য রাজু আহম্মদ হারুন বলেন, অর্ধশতাধিক মানুষকে বেঁধে ফিল্মি স্টাইলে ১৩টি ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, সিগারেট লুট করা হয়েছে। এটা আমাদের জন্য আতংকের। এদিকে ঘটনাস্থলের অদুরে পুলিশ ক্যাম্প থাকলেও এ ধরনের ডাকাতি সংগঠিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন হাওলাদার বলেন, স্বাধীনতার পরে এ রকম ঘটনা টরকী বন্দরে আর কখনও ঘটেনি। অথচ এই বন্দরে একটি পুলিশ ফাঁড়িও রয়েছে। ঘটনাটি আমাদের বিস্মিত করেছে।
ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শাহীন সরদার জানান, রাত ৪টার দিকে নৈশ প্রহরী এসে তাকে জানালে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পৌছান। তবে তার আগেই দুষ্কৃতিকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন এ ঘটনায় জড়িতদের শনাক্তে অনুসন্ধান চলছে খুব শীঘ্রই রহস্য উৎঘাটনসহ জড়িতদের গ্রেপ্তার করা হবে বলে জানান।
গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার জানান, খবরপেয়ে রবিবার ভোরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতদের সনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে বলেও তিনি উল্লেখ করেন।