
প্রকাশ: ২৪ মে ২০২৪, ৩:৫৯

ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির বোলার শোয়েব আখতার। গতির ঝড় তুলে বিশ্ব ক্রিকেটকে অনেকবার চমকে দিয়েছেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপে তার করা একটি বল এখনও ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির বল হিসেবে স্বীকৃত।
শোয়েব আখতার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ২০১১ সালে। তবে এখনও অনেক ব্যাটারদের কাছে দুঃস্বপ্ন হয়ে আছেন তিনি। তার আগুনঝরা বোলিংয়ে আঁতকে উঠতেন শচীন টেন্ডুলকার এবং ব্রায়েন লারার মতো কিংবদন্তিরা। তবে এমন বিধ্বংসী পেসারও প্রেমের প্রসঙ্গে একদম শিশু বনে যেতেন।
ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় শোয়েব আক্তার বলিউডের অভিনেত্রী সোনালী বেন্দ্রের প্রেমে হাবুডুবু খেতেন। ভারতীয় এই অভিনেত্রীর ছবি নিজের মানিব্যাগেও নাকি নিয়ে ঘুরতেন তিনি। জানা গেছে, সোনালীর বহু পোস্টার নাকি নিজের রুমে টাঙিয়ে রাখতেন এই পেসার।
সোনালীর প্রতি এই গভীর প্রেম অবশ্য কখনও প্রকাশ করেননি শোয়েব। তাই একতরফাই রয়ে গিয়েছে এই প্রেম। তবে বিভিন্ন সময় গণমাধ্যমের সামনে নিজের প্রেমের সম্পর্কে খোলামেলা আলাপ করেছেন শোয়েব আখতার।


এক সাক্ষাৎকারে সোনালী বেন্দ্রের প্রতি নিজের দুর্বলতার কথা জানিয়ে শোয়েব বলেছিলেন যে সোনালী বেন্দ্রের ভালোবাসা পেতে সব করতে পারেন তিনি। সেই সাক্ষাৎকারে মজা করে শোয়েব এটাও বলেন যে সোনালী তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করলে তাকে অপহরণ করবেন তিনি।
এদিকে, সোনালী বেন্দ্রের জীবনে গত কয়েক বছরে অনেক কিছু ঘটে গিয়েছে। ক্যান্সারে আক্রান্ত হয়ে বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছিলেন তিনি। তবে সেই লড়াই জিতেই আবার ফিরেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে শোয়েব আখতারের সম্পর্কে জানতে চাওয়া হয় তার কাছে।
পাকিস্তানের সাবেক গতি তারকাকে নাকি চিনতেনই না সোনালী। শোয়েবের প্রসঙ্গে এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, ‘আমি শোয়েব আখতার নামে কোনো পাকিস্তানি ক্রিকেটারকে চিনি না। আমি আসলে ক্রিকেটের ভক্ত নই।’