
প্রকাশ: ২৫ মে ২০২২, ১৮:২৩

ঢাকা টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে দাপট দেখিয়েছেন শ্রীলঙ্কার পেসাররা। দ্বিতীয় দিনের খেলা শেষে স্বাগতিক দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা লিটন দাস বলছিলেন, এই টেস্টে চালকের আসনে বসতে গেলে বুধবার তৃতীয় দিনের সকালে বাড়তি দায়িত্ব নিতে হবে পেস বোলিং ইউনিটকে। বাড়তি দায়িত্ব নিতে না পারলেও ধারাবাহিক লাইন-লেংথে বল করেছেন দুই পেসার। সঙ্গে সাকিব আল হাসানের ঘূর্ণিতে প্রথম সেশনে খানিক স্বস্তি বয়েছে দলে।
স্বস্তি বলতে আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নেকে ফেরানো গেছে। কিন্তু আক্ষেপ আর আফসোসও নেহায়েত কম নয়। একজন অফ স্পিনারের আকালে প্রতিপক্ষকের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারেননি বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক। মেহেদী হাসান মিরাজ আর নাঈম হাসানের চোটে যেই মোসাদ্দেক হোসেনকে একাদশে রাখা হয়ছে, সেই মোসাদ্দেক বল হাতে তুলেছেন মোটে ২ ওভার!

এর সঙ্গে মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগে শুরু হয় বৃষ্টি। তাতে প্রথম সেশনের খেলা শেষের ঘোষণা আসে। তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ২১০ রান নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে লঙ্কানরা। অ্যাঞ্জেলো ম্যাথিউস ২৫ এবং ধনঞ্জয়া ডি সিলভা ৩০ রান নিয়ে দিনের দ্বিতীয় সেশনে আবার ব্যাটিংয়ে নামবেন। বাংলাদেশের থেকে প্রথম ইনিংসে এখনো ১৫৫ রানে পিছিয়ে শীলঙ্কা।
কোনো ট্যাগ পাওয়া যায়নি