
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১:৪
ভারতে মসজিদ-মিনারে অঙ্গিসংযোগ ও মুসলিম নিপীড়নের প্রতিবাদে শুক্রবার সিলেটে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। বাদ জুমা নগরীতে এসব কর্মসূচি পালন করা হয়। জুমার নামাজ শেষে বিভিন্ন পাড়া-মহল্লা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। কোর্ট পয়েন্ট এবং সিটি পয়েন্টে একাধিক সমাবেশও অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠানে ইসলাম ও মুসলিমবিদ্বেষী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের জনগণ দেখতে চায় না। ভারতের শত শত বছরের ইতিহাস, ঐতিহাসিক স্থাপনা ও ঐতিহ্য-অবদানে মুসলমানদের নাম মিশে আছে উল্লেখ করে বক্তারা আরও বলেন, ভারতের ঐতিহাসিক বহু স্থাপত্য মুসলমানদের তৈরি। চাইলেই এসব মুছে দেয়া যায় না। ভারতীয় মুসলমানদের অবদানের কাছে আজ পুরো বিশ্ব ঋণী। বিজেপিসহ কট্টরপন্থী হিন্দু সংগঠনগুলো ভারতকে মুসলিমশূন্য করার জন্য মুসলিম সম্প্রদায়ের ওপর ধারাবাহিক যে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে তা মোদি ও হিন্দুত্ববাদী সংগঠনগুলোর পতন ডেকে আনবে।
