
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২০, ৩:২৩

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার একটি ছবি দিয়ে বাংলাদেশের নাম ব্যবহার করে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। নিজেদের ভেরিফাইড পেজে তারা ছবিটি পোস্ট করার পর বিতর্ক সৃষ্টি হয়। পরে অফিসিয়াল পেজ থেকে সেটি হাইড করা হলেও ফেসবুকে পোস্টটি প্রোমোশন করায় এখনো তা শেয়ার হচ্ছে বিশ্বজুড়ে। বিভ্রান্তিকর এই ছবি ছড়িয়ে প্রতিষ্ঠানটি বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করছে বলে মন্তব্যের ঘরে অনেকেই অভিযোগ করেছেন।
গত ১০ জানুয়ারি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ওই পোস্ট করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এতে সবাইকে প্রতিষ্ঠানটির সদস্য হওয়ার আহ্বান জানানো হয়। এতে সিরিয়ার যে ছবিটি পোস্ট করা হয়েছে তাতে একটি ধসে পড়া বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় দুই শিশুকে।
পোস্টের ক্যাপশনে লেখা হয়, বাংলাদেশসহ বিশ্বজুড়ে অনেক সাধারণ মানুষ ভুল সময় ভুল স্থানে থাকার কারণে আক্রমণ, সহিংসতা ও মৃত্যুর মুখে পড়ছে। যুদ্ধ ও সংঘর্ষের সময় আক্রান্তদের কথা প্রকাশের জন্য কাজ করে যাচ্ছি আমরা। না বলা গল্পগুলো জানাতে লাখো মানুষের এই আন্দোলনে আপনিও যোগ দিন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এই পোস্টে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশিরা। সেখানে মন্তব্যের ঘরে ফখরুল ইসলাম নামে একজন লিখেছেন, এই ছবিটি বাংলাদেশের নয়। এমন একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের কাছ থেকে এই ধরনের অপরিপক্ব এবং বিভ্রান্তিকর কাজ আমরা বাংলাদেশিরা প্রত্যাশা করি না।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব