
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৪

মহামারি করোনাভাইরাসে প্রতিনিয়ত বেড়েই চলেছে সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা। থেমে থেমে চলছে বিশ্ব অর্থনীতির চাকা। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারি, আক্রান্তও হচ্ছে লাখে লাখে। মহামারি এ ভাইরাসের নতুন নতুন ধরন মানুষের মনে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ৬৬৩ জন। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭৭ হাজার ১৫০ জন।
শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত করোনাভাইরাসের পরিসংখ্যান দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২১ কোটি ৯৯ লাখ ২০ হাজার ১৩৪ জন। মৃত্যুবরণ করেছেন ৪৫ লাখ ৫৫ হাজার ৮০২জন। এ ছাড়া আক্রান্ত থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৯ কোটি ৬৫ লাখ ৬১ হাজার ৩১১ জন।

বিশ্বব্যাপী করোনায় গতকাল সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে সেখানে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৫৬৮ জন এবং মারা গেছেন ১ হাজার ৫৬৫ জন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৫ লাখ ১৩ হাজার ১৮ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৬২ হাজার ৮৫৩ জন মারা গেছেন।
সবকিছু এলোমেলো করে দেয়া এই ভাইরাসে ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।