
প্রকাশ: ৬ জুলাই ২০২১, ২৩:৪৩

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত হয়ে ১০ জন ও উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এবং এক হাজার ২২১টি নমুনা পরীক্ষা করে আক্রান্ত ৪৩২ জনের মধ্যে শনাক্ত হয়েছে। যা একদিনে সর্বোচ্চ। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৫ দশমিক ৩৮ শতাংশ।
মঙ্গলবার (৬ জুলাই) কুষ্টিয়া করোনা ডেডিকেটেড জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, করোনায় মারা যাওয়া ১০ জনই কুষ্টিয়া জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসা নিচ্ছিলেন। উপসর্গ নিয়ে মারা যাওয়া দুই জন গত রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ প্রতিদিনই বাড়ছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

২৫০ বেডের করোনা ডেডিকেটেড এই হাসপাতালটিতে এখন শয্যার চেয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন ২৭৪ জন। এরমধ্যে ১৭৫ জনই করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, নতুন শনাক্তদের মধ্যে কুষ্টিয়া সদরে ১৫৩ জন, দৌলতপুরে ৪৪ জন, কুমারখালীতে ২৪ জন, ভেড়ামারায় ৩৪ জন, মিরপুরে ২৯ জন ও খোকসায় আটজন রয়েছেন।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো আট হাজার ৭৬৬ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৮২৩ জন। মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৪৫ জনে।