দিনাজপুরের হাকিমপুরের হিলিতে বিজিবি, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ রিপন আহম্মেদ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে উদ্ধার করা মাদক ও অস্ত্রসহ হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়।
শুক্রবার বিকেলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)। গ্রেপ্তার রিপন হাকিমপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বড় ডাঙ্গাপাড়া গ্রামের জরীব উদ্দিনের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল লতিফুল বারী ও উপ-অধিনায়কের নেতৃত্বে বিজিবির দুটি টহল দল অভিযান চালায়। এতে জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও হাকিমপুর থানার এএসআইয়ের নেতৃত্বে একটি দলও অংশ নেয়।
অভিযানে রিপনের বসতবাড়ি থেকে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ৪০০টি, কুকিজেসিক ইনজেকশন ১২৫টি, একটি বড় দেশীয় রামদা ও একটি অপ্পো এ৫ প্রো মুঠোফোন উদ্ধার করা হয়। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক জব্দমূল্য ১ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা।
বিজিবির দাবি, রিপনের বিরুদ্ধে হাকিমপুর থানায় একাধিক মামলা রয়েছে এবং এলাকায় তিনি মাদক কারবারে জড়িত হিসেবে পরিচিত। ২০২০ থেকে ২০২৬ সাল পর্যন্ত মাদক, হত্যাচেষ্টা, মারধর, চুরি, ভয়ভীতি প্রদর্শন ও বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে বলে জানানো হয়।
হাকিমপুর থানার ওসি মো. জাকির হোসেন জানান, জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিচালক মো. ইলিয়াস হোসেন বাদী হয়ে মামলা করেছেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা রিপনকে আদালতে সোপর্দ করেন। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ‘শূন্য সহনশীলতা’ নীতির আওতায় অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।