
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৯

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর আবুল কালাম বলুচান (৩৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই এলাকায় জুড়ী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবুল কালাম পূর্ব জুড়ী ইউনিয়নের দক্ষিণ বড়ধামাই গ্রামের বাসিন্দা। তিনি জুড়ী নিউমার্কেট সিএনজি স্ট্যান্ডের নিয়মিত অটোরিকশাচালক হিসেবে কাজ করতেন।
পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আবুল কালাম। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ থাকায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
নিখোঁজের পর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও আবুল কালামের কোনো সন্ধান পাননি। এর মধ্যে বৃহস্পতিবার দুপুরে জুড়ী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় কয়েকজন পুলিশকে খবর দেন।
খবর পেয়ে জুড়ী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আবুল কালামের বলে শনাক্ত করেন।

পুলিশ জানিয়েছে, মরদেহের গলায় ধারালো অস্ত্রের আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে, কখন এবং কী কারণে তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) শামীম আহমেদ বলেন, মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ও সময় নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা খুঁজে বের করতে পুলিশের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।