
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৩

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীর তীরে টমটম ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে এক চালক নিখোঁজ হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ চালকের নাম প্রিতম এরিক (পিতু)। তিনি দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকার বাসিন্দা এবং টমাস এরিকের ছেলে। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী পৌঁছে দিয়ে টমটম নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন প্রিতম।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধলাই নদীর ঝুঁকিপূর্ণ পাড়ে টমটমটি ঘোরানোর সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি নদীতে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই টমটমসহ চালক নদীর পানিতে তলিয়ে যান।
এ সময় প্রিতমের চিৎকার শুনে স্থানীয় কয়েকজন দ্রুত নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে নদীর প্রবল স্রোতের কারণে তারা সফল হননি। কিছুক্ষণের মধ্যেই পানির নিচে নিখোঁজ হয়ে যান প্রিতম।
খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে নদী থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া টমটমটি উদ্ধার করা সম্ভব হলেও চালকের সন্ধান পাওয়া যায়নি।

কমলগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইউনিট লিডার ফারুক আহমদ জানান, টমটমটি উদ্ধার করা হয়েছে। তবে মৌলভীবাজারে ডুবুরি দল না থাকায় নিখোঁজ চালককে উদ্ধারে সিলেট থেকে ডুবুরি দল ডেকে পাঠানো হয়েছে।
এদিকে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে সহযোগিতা ও তদারকি করছে।

নিখোঁজ প্রিতমকে উদ্ধারের অপেক্ষায় নদীর পাড়ে ভিড় করেন স্থানীয় বাসিন্দা ও স্বজনরা। সময় যত গড়াচ্ছে, পরিবারের সদস্যদের উৎকণ্ঠা ততই বাড়ছে। সিলেট থেকে ডুবুরি দল পৌঁছানোর পর নদীতে নিখোঁজ চালকের সন্ধানে উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।