
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১৭:৪

রাজধানীর ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের অচেতন করে একটি জুয়েলার্সের দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণ, রুপা ও হীরার গয়না লুটের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা রাতের খাবারে মোরগ পোলাও খাওয়ানোর পর নিরাপত্তাকর্মীরা অচেতন হয়ে পড়েন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র্যাংস প্লাজার পূরবী জুয়েলার্সে এ ঘটনা ঘটে। দোকানটির মালিকের দাবি, প্রায় দুই হাজার ভরি গয়না লুট হয়েছে।
লুট হওয়া অলংকারের মধ্যে স্বর্ণ, রুপা ও হীরার গয়না রয়েছে। পাশাপাশি দোকান থেকে ১০ থেকে ১২ লাখ টাকা নগদও নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ঘটনার পর থেকে জুয়েলার্সের নিজস্ব একজন এবং মার্কেটের দুজন নিরাপত্তাকর্মীর সন্ধান পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে কয়েকজনের সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। এ ঘটনায় ইতোমধ্যে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পূরবী জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রয়কর্মী সঞ্জীব শীল জানান, রাত আনুমানিক ২টার দিকে চুরির ঘটনা ঘটে। এরপর থেকেই তিন নিরাপত্তাকর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। খাবারের সঙ্গে কোনো কিছু মিশিয়ে তাদের অচেতন করা হয়েছিল বলে ধারণা করছেন তিনি।
সঞ্জীব শীলের ভাষ্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে দোকানে প্রবেশ করতে দেখা গেছে। আরও দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতিও ফুটেজে ধরা পড়েছে। সেখানে নিখোঁজ এক নিরাপত্তাকর্মীকে বাইরের লোকজনকে দোকানে প্রবেশে সহযোগিতা করতে দেখা যায়।

দোকানে প্রবেশের পর দুর্বৃত্তদের একজন সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ ঘটনায় সন্দেহভাজন এক নিরাপত্তাকর্মীর মূল পরিচয়পত্রও উদ্ধার করে তদন্তকারীদের কাছে দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুলিশ পুরো শপিংমল ঘিরে রেখেছে। অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল সেখানে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ধানমন্ডি থানার এক কর্মকর্তা জানান, নিরাপত্তাকর্মীদের অচেতন করে চুরির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অন্যদিকে জুয়েলার্সের বিক্রয়কর্মী জোবায়ের আহমেদ জানান, কয়েক বছর আগেও একই কৌশলে চুরির চেষ্টা হয়েছিল। তখন নিরাপত্তাকর্মীদের মিষ্টি খাওয়ানো হলেও মালিকের সতর্কতায় চুরির ঘটনা ঠেকানো সম্ভব হয়েছিল।