স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুশৃঙ্খল অবস্থায় ফিরে এসেছে এবং জনগণের আস্থা অর্জন করেছে। যেকোনো অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা নস্যাৎ করতে পুলিশসহ সব বাহিনী বদ্ধপরিকর।
শনিবার (২৮ নভেম্বর) সকালে সাম্প্রতিক নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। আহত সদস্যদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন মন্ত্রী।
তিনি জানান, পুলিশ, র্যাব, এপিবিএন, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা আহত হয়েছেন। কারও মাথায় আঘাত, কারও হাড় ভেঙেছে। অনেকে প্রাথমিক চিকিৎসা নিলেও কয়েকজনের দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন।
শ্রমিক অসন্তোষে বাহিনীর সদস্যরা আহত হয়েও ধৈর্য দেখিয়েছেন, শ্রমিকদের গায়ে হাত তোলেননি এবং হতাহতের ঘটনা ঘটেনি বলে প্রশংসা করেন তিনি। মজুরি বোর্ডের ন্যূনতম মজুরি ঘোষণায় শ্রমিকরা সন্তুষ্ট ও সুশৃঙ্খল রয়েছেন। তবে কিছু ব্যক্তি বিচ্ছিন্ন মশাল মিছিল ও অস্থিরতার চেষ্টা করছে, যা সফল হবে না।
সীমান্তের এপারে অপতৎপরতা বরদাশত করা হবে না বলেও জানান মন্ত্রী। পরিদর্শনে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী ও আইজিপি মো. আলী হোসেন ফকির উপস্থিত ছিলেন।