মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৬৭৪ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮৩ হাজার ৭০০ টাকা।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৭টা ৪০ মিনিটে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর আলীনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযানটি পরিচালিত হয়। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ১৮৪৮/২০-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলীনগর এলাকায় বিজিবির একটি টহল দল বিশেষ অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্যের প্যাকেটগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার করা পণ্যের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।