জয়পুরহাটের পাঁচবিবিতে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্প্রসারিত হলরুমে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি বোরো ধান চাষের উপকরণ—সার ও কীটনাশক সঠিক ও সুষ্ঠুভাবে বিতরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধসহ সীমান্তবর্তী এলাকায় অবৈধ কর্মকাণ্ড বন্ধে করণীয় নিয়ে আলোচনা হয়। এসব বিষয়ে প্রশাসন, পুলিশ, বিজিবি, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া আসন্ন বোরো মৌসুমে কৃষকদের মধ্যে সার ও কীটনাশকসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ যাতে সুষ্ঠু, স্বচ্ছ ও যথাযথভাবে বিতরণ করা হয়, সে বিষয়েও সভায় গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, সমাজসেবা কর্মকর্তা শামসুল ইসলাম, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম,কড়িয়া ও আটাপাড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন আবু চৌধুরী,উপজেলা জামায়াতের আমির সুজাউল করিমসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।