
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১৮:২১

রাজবাড়ীর গোয়ালন্দে নির্ধারিত এলাকার বাইরে সার বিক্রির অভিযোগে এক বিসিআইসি সার ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযানের সময় ৪০ বস্তা সার জব্দ করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে গোয়ালন্দ বাজারসংলগ্ন মুরগী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনা করা হয় খন্দকার ফারুক হোসেনের বিসিআইসি সার ডিলার পয়েন্ট ‘মেসার্স ফারুক ডিলার’-এ। অভিযোগ ছিল, ডিলার নিজস্ব নির্ধারিত এলাকার কৃষকদের কাছে সার বিক্রির পরিবর্তে অন্য এলাকায় সার সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সার নীতিমালা অনুযায়ী প্রত্যেক ডিলারকে নির্ধারিত অভিক্ষেত্রের কৃষকদের মধ্যে সার বিক্রি করতে হয়। কিন্তু অভিযুক্ত ডিলার সেই নিয়ম না মেনে নির্ধারিত এলাকার বাইরে সার বিক্রি করছিলেন। বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে ৪০ বস্তা সার জব্দ করা হয়। পরে জব্দ করা সার নির্ধারিত এলাকার কৃষকদের মধ্যে বিক্রির জন্য শর্তসাপেক্ষে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর ৪৫ ধারায় ডিলারকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার বলেন, সরকার নির্ধারিত ডিলারের মাধ্যমে কৃষকরা যাতে ন্যায্য দামে প্রয়োজনীয় সার পান, সে বিষয়ে নিয়মিত নজরদারি করা হচ্ছে। দৌলতদিয়া ইউনিয়নের কৃষকদের জন্য নির্ধারিত সার অন্য এলাকায় সরবরাহের অভিযোগ পাওয়ার পর অভিযান চালানো হয়।
তিনি জানান, অভিযানের সময় ৪০ বস্তা সার আটক করা হয়। পরে ডিলারের গুদামেও তদন্ত চালিয়ে অনিয়মের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। কৃষকদের বরাদ্দের সার অন্যত্র সরিয়ে নেওয়া বা বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান চালানো হবে।
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান বলেন, ডিলারের নির্ধারিত এলাকার কৃষকদের মধ্যে সার বিক্রির বাধ্যবাধকতা রয়েছে। নিয়ম অমান্য করে অন্য এলাকায় সার বিক্রির কারণে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষায় সার বিক্রির অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।