মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি কালো রঙের প্রাইভেটকারও জব্দ করা হয়।
মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে শ্রীমঙ্গল শহরতলীর বিরাহিমপুর এলাকার জোড়াপুল সংলগ্ন গলিতে অভিযানটি পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মৌলভীবাজার সদরের নিতেশ্বর এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে রাসেল মিয়া (২৬), হবিগঞ্জের বানিয়াচংয়ের করানগর এলাকার মৃত জলিল মিয়ার ছেলে সোহেল মিয়া (২৩), শ্রীমঙ্গলের পূর্বাশা এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে জুয়েল মিয়া (২৮) এবং শ্রীমঙ্গল সিন্দুরখাঁন রোড এলাকার মৃত রফিক মিয়ার ছেলে রাসেল আহমেদ (৩০)।
পুলিশ জানায়, রাতের দায়িত্ব পালনের সময় খবর আসে, একটি প্রাইভেটকারে করে ৪-৫ জন বিরাহিমপুরের জোড়াপুল সংলগ্ন গলিতে এসে আরও কয়েকজনের সঙ্গে মিলিত হয়ে বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে এসআই দীপংকর হালদারের নেতৃত্বে পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে গাড়িটির গতি রোধ করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির বাইরে থাকা ৩-৪ জন সহযোগী পালিয়ে গেলেও ভেতরে থাকা চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি সুইস গিয়ার চাকু, কাঠের হাতলযুক্ত ধারালো চাকু, লোহার শাবল, একটি স্টার স্ক্রু-ড্রাইভার ও একটি ফ্ল্যাট স্ক্রু-ড্রাইভার উদ্ধার করা হয়। পাশাপাশি ঢাকা মেট্রো-গ-২৭-১৭৯৫ নম্বরের টয়োটা এলিয়ন প্রাইভেটকার জব্দ করা হয়।
শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা শহরের কলেজ রোড এলাকায় ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার কথা স্বীকার করেছে। তারা একটি সুসংগঠিত আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য।
পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা ব্যবস্থা যাচাই করে রাসেল মিয়ার বিরুদ্ধে পাঁচটি, জুয়েল মিয়ার বিরুদ্ধে পাঁচটি এবং সোহেল মিয়ার বিরুদ্ধে একটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।