কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২১ হাজার ৫৮০ পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি। এসব অভিযানে ইয়াবাসহ শাহীন (২০) নামে এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, রোববার সকালে টেকনাফ থেকে কক্সবাজারগামী ‘পালকি পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস হোয়াইক্যং তল্লাশি চৌকিতে পৌঁছালে বিজিবি সদস্যরা তল্লাশি শুরু করেন। বেলা ১১টা ২৫ মিনিটের দিকে বাসের শেষ সিটে বসা যাত্রী শাহীনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে এবং আশপাশের সিটে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে তাঁর সিটের পেছনে কৌশলে লুকানো অবস্থায় ১ হাজার ৫৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শাহীন টেকনাফ থানার হৃীলা ইউনিয়নের দরগাপাড়া গ্রামের মো. আবদুল হাকিমের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন। বিস্তারিত অনুসন্ধান শেষে বাস, চালক ও সহকারীকে মুচলেকা নিয়ে সংশ্লিষ্ট প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।
অন্যদিকে একই দিন সন্ধ্যায় হোয়াইক্যং সীমান্ত ফাঁড়ির একটি বিশেষ টহল দল ক্যারেঙ্গাঘোনা এলাকায় অভিযান চালায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিয়ানমার থেকে এক চোরাকারবারিকে ব্যাগ হাতে বাংলাদেশে প্রবেশ করতে দেখে টহল দল তাঁকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি হাতের কালো পোঁটলা ফেলে তুলাতলী গ্রামের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করছে। মাদক চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।