মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৪৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২ আগস্ট) রাত পৌনে ৮টায় জেলা পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করে।
পুলিশ জানায়, শনিবার (১ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ও পৃথিমপাশা ইউনিয়নের পৃথক স্থানে অভিযান চালানো হয়।
প্রথম অভিযানে রাত ৮টা ১০ মিনিটে টিলাগাঁও ইউনিয়নের আমানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা সড়ক থেকে উত্তর হিজলী গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে কামাল হোসেনকে (৩৫) আটক করা হয়। পরে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে লাল রঙের পলিথিনে মোড়ানো দুই ছড়ায় ২০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই রাতে রাত ৯টা ১০ মিনিটে পৃথিমপাশা ইউনিয়নের উত্তর রবীরবাজার এলাকায় ওমর ফারুক ফার্নিচার দোকানের সামনে অভিযান চালিয়ে আমানীপুর গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে মাহমুদ আলীকে (৪৫) গ্রেপ্তার করা হয়। তার শার্টের সামনের বাম পকেট থেকে লাল রঙের পলিথিনে মোড়ানো দুই ছড়ায় ২৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই আসামিই বিক্রির উদ্দেশ্যে ইয়াবা নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী কুলাউড়া থানায় পৃথক মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, কামাল হোসেনের বিরুদ্ধে আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এবং মাহমুদ আলীর বিরুদ্ধে চুরির একটি মামলা রয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ করে দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।