জুলাইয়ের গণহত্যাসহ দেশের সব হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও দ্রুত বিচার এবং গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় গোপালপুর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালপুর উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা জামায়াতের আমীর মো. হাবিবুর রহমান তালুকদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সেক্রেটারি মো. হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ড. মো. আতাউর রহমান।
বক্তারা বলেন, জুলাইয়ের গণহত্যাসহ দেশের সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি।
তারা আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাষ্ট্রকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের শাসন প্রতিষ্ঠার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
সমাবেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সমর্থক অংশ নেন। বক্তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে তাদের দাবির পক্ষে জনসমর্থন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।