রাজবাড়ীতে র্যাব-১০-এর অভিযানে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি ট্রিগার কাটার রাইফেল, একটি একনলা বন্দুক এবং তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান।
সোমবার বিকেলে ফরিদপুরে র্যাব-১০, সিপিসি-৩ ক্যাম্প কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা (এডি)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে রামকান্তপুর ইউনিয়নের কেশবপুর এলাকার ব্যবসায়ী আলম সরকার ও মো. বাহাদুর বিশ্বাসের কথিত বাড়ি থেকে আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে অস্ত্রগুলোর সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন কেশবপুর এলাকার মৃত জব্বার সরদারের ছেলে আলম সরদার (৪০), একই এলাকার মো. ছান আলীর ছেলে মো. ইব্রাহিম শেখ (৪৪), মৃত তহিদুল ইসলামের ছেলে মো. বাহাদুর বিশ্বাস (৫৮), মধ্যপাড়া এলাকার মৃত আব্দুল বাতেনের ছেলে মো. ফয়সাল চৌধুরী প্রকাশ ফরিদ (৩৭) এবং মানিকট এলাকার মৃত আবেদ আলী মুন্সীর ছেলে রাজু আহমেদ টোকন (৪৫)।
র্যাব জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র, অপহরণ, ডাকাতি ও চাঁদাবাজিসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এর মধ্যে ফয়সাল চৌধুরী প্রকাশ ফরিদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অস্ত্র ও চাঁদাবাজির দুটি মামলা রয়েছে। রাজু আহমেদ টোকনের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির একটি, ডাকাতির প্রস্তুতির একটি এবং ডাকাতির একটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে র্যাব। গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।