
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১৭:২৬

পরিবেশ সংরক্ষণ, বনভূমি রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্য নিয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬। “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি ও সুধীজন অংশ নেন।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় গাছ লাগানোর পাশাপাশি সেই গাছের যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। পরিকল্পিত বৃক্ষরোপণ ও বন সংরক্ষণের মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পরিবেশ গড়ে তোলা সম্ভব।
তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে পরিবেশগত ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও সবুজায়ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।

মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে সচেতনতামূলক প্রচার, পরামর্শ প্রদান এবং নানা তথ্যভিত্তিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
আয়োজকরা জানান, বৃক্ষমেলার মাধ্যমে মানুষকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করা, বনজ সম্পদ সংরক্ষণ এবং সবুজায়নের বিস্তার ঘটানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। তারা আশা করছেন, এ কর্মসূচি মানুষের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ আরও বৃদ্ধি করবে।
জেলা প্রশাসন ও বন বিভাগ জানিয়েছে, পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানের বক্তারা।