
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ২০:৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত রাখা এবং বাজারের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে শহরের নতুন বাজার এলাকায় পরিদর্শন চালিয়ে ব্যবসায়ীদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।
বুধবার (২২ জুলাই) নতুন বাজারের মাছ, সবজি ও চাল বাজার ঘুরে দেখেন তিনি। এ সময় বাজারের সার্বিক পরিবেশ, বর্জ্য ব্যবস্থাপনা, চলাচলের সুবিধা এবং স্বাস্থ্যবিধি অনুসরণের বিষয়গুলো পর্যালোচনা করা হয়।
পরিদর্শনকালে পৌর প্রশাসক বলেন, একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ নগর পরিবেশ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদেরও সমানভাবে দায়িত্বশীল হতে হবে। সচেতনতার অভাবে শহরের সৌন্দর্য ও পরিবেশ দুটোই ক্ষতিগ্রস্ত হয় বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে এবং পৌরসভার নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে। পাশাপাশি ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা না করে বৈধ ও নিয়মতান্ত্রিকভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি।
মো. জিয়াউর রহমান সতর্ক করে বলেন, বাজার ও সড়কে অবৈধ দখল কিংবা স্থাপনা রেখে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রশাসন কোনো ধরনের অনিয়ম বরদাশত করবে না বলেও জানান তিনি।

পরিদর্শন শেষে তিনি বলেন, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পৌর এলাকার সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখতে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে নিয়মিত তদারকি ও নজরদারি অব্যাহত থাকবে। একই সঙ্গে অবৈধ স্থাপনা দ্রুত অপসারণে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল বাজার শুধু ক্রেতাদের জন্য নয়, ব্যবসায়ীদের জন্যও ইতিবাচক পরিবেশ তৈরি করে। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পরিদর্শনকালে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, বিএনপি নেতা মো. ইয়াকুব আলী এবং শামীম আহমেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।