দিনাজপুরের হাকিমপুর উপজেলায় পৃথক অভিযানে নারীসহ ছয়জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, হাকিমপুর থানায় দায়ের করা একটি এফআইআরভুক্ত মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন পৌরসভার ধরন্দা (ফকিরপাড়া) গ্রামের রেখা বেগম (৪৫), কামরুন্নাহার (২৫) ও রুবেল (৩২)।
এ ছাড়া একই দিনে থানার একটি সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে বোয়ালদার (উত্তরপাড়া) গ্রামের মৃত দুলু মিয়ার ছেলে আল আমিনকে (৩৩) গ্রেফতার করা হয়।
অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি মামলায় (মামলা নম্বর-৩০ ও ৩১) আরও দুইজনকে আটক করা হয়। তারা হলেন পাউশগাড়া গ্রামের মো. সাজ্জাদ হোসেন (৩৭) এবং পৌরসভার বড় ডাঙ্গাপাড়া গ্রামের পারভেজ আলী (২৭)।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া ছয়জনকেই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, হাকিমপুর উপজেলাকে মাদকমুক্ত রাখা এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান চলবে বলে তিনি জানান।