পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নাইউরিপাড়া গ্রামে মিলি আক্তার মায়া (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মিলি আক্তার মায়া একই এলাকার নাঈদ (২৫)-এর স্ত্রী। তিনি চাঁদপুর জেলার খোরশেদ আলমের মেয়ে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে নিজ বাড়িতে মিলিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার স্বামী নাঈদ। পরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে বিষয়টি মহিপুর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
স্থানীয়দের ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর প্রায় দুই বছর আগে নাঈদ ও মিলির বিয়ে হয়। তবে কী কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
মহিপুর থানার অফিসার ইনচার্জ মো. শামীম হাওলাদার বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ বলছে, তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।