প্রকাশ: ৩ জুলাই ২০২৬, ২২:২

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় কৃষিজমির মাটি কাটার অভিযোগে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে তিনটি ড্রেজার মেশিন ধ্বংসের পাশাপাশি প্রায় ১ হাজার ৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার সুবিল ইউনিয়নের রাঘবপুর ও সুবিল পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে কৃষিজমিতে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগের ভিত্তিতেই প্রশাসন এ উদ্যোগ নেয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন। অভিযানে অবৈধভাবে ব্যবহৃত ড্রেজারগুলো অকেজো করে দেওয়া হয়।
অভিযান চলাকালে দেবীদ্বার থানা পুলিশের একটি দল এবং গ্রাম পুলিশের সদস্যরা প্রশাসনকে সহায়তা করেন। পুরো অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, কৃষিজমির উর্বরতা ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা জরুরি। তারা ভবিষ্যতেও এমন কার্যক্রম আরও জোরদার করার দাবি জানান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন বলেন, কৃষিজমি ধ্বংস এবং পরিবেশের ক্ষতি করে এমন কোনো অবৈধ কার্যক্রম বরদাশত করা হবে না। কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।

তিনি আরও জানান, অভিযানে তিনটি ড্রেজার মেশিন ধ্বংসের পাশাপাশি প্রায় ১ হাজার ৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে। এতে অবৈধভাবে মাটি উত্তোলনের কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি, পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।