পটুয়াখালীর বঙ্গোপসাগরের রামনাবাদ চ্যানেল মোহনায় মাছ ধরার সময় একটি ট্রলারে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে পাঁচ জেলে আহত হয়েছেন। রোববার (২১ জুন) বিকেল ৩টার দিকে জাল ফেলা অবস্থায় এ দুর্ঘটনা ঘটে।
আহত জেলেরা হলেন রেজাউল মাঝি, হাবিব, সোহেল, রাকিবুল ও ফরিদ। তাদের সবার বাড়ি কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মনজুপাড়া গ্রামে।
আহতদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা সাগরে মাছ ধরার জন্য জাল ফেলেছিলেন। এ সময় হঠাৎ ট্রলারের ওপর বজ্রপাত হলে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। বজ্রপাতের পর ট্রলারে থাকা ব্যাটারিতে আগুন ধরে যায়, ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
দুর্ঘটনায় সবচেয়ে বেশি আহত হয়েছেন রেজাউল মাঝি। তার পিঠের অধিকাংশ অংশ পুড়ে গেছে বলে জানা গেছে। অপরদিকে হাবিবের ডান হাত ভেঙে গেছে। অন্য আহতদেরও শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।
ঘটনার পর সহকর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে তীরে নিয়ে আসেন। পরে রাত ১০টার দিকে তাদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকরা তাদের অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন বলে জানা গেছে।
স্থানীয় জেলেরা জানান, বর্ষা মৌসুমে সাগরে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যায়। তাই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।