কক্সবাজারের টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ৪টি মোটরসাইকেলসহ আবসার মিয়া (২০) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
শনিবার দিবাগত রাত আনুমানিক ০১:১০ ঘটিকায় টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, কাটাখালী এলাকার জনৈক ছৈয়দ নুরের দোকানের সামনে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি বিপুল পরিমাণ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি সেখানে একটি ঝটিকা অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দল ঘেরাও করে হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী পূর্বপাড়া এলাকার নুরুল আলমের ছেলে আবসার মিয়াকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে টেকনাফ ও কক্সবাজারের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে পাচার করে আসছিল বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামি, জব্দকৃত মাদক ও মোটরসাইকেলসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।