রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় প্রশাসনের ওপর হামলা ও হ্যান্ডকাপ পরা এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২০ জুন) বিকেলে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা গেছে, গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খানের নেতৃত্বে দৌলতদিয়া এশিয়া বোর্ডিং এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের সময় আশীষ চন্দ্র শীল নামের এক ব্যক্তিকে গাঁজাসহ আটক করা হয়। তিনি ঢাকা জেলার ধামরাই উপজেলার বেলিশ্বর গ্রামের আনন্দ চন্দ্র শীলের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত আশীষ চন্দ্র শীলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই অভিযানে দৌলতদিয়া পোড়াভিটা এলাকার কথিত মাদক ব্যবসায়ী বেবীর ছেলে ফয়সাল (২৪)-কে মাদকদ্রব্য ও নগদ টাকাসহ আটক করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, ফয়সালকে হ্যান্ডকাপ পরানোর পরপরই একদল সংঘবদ্ধ ব্যক্তি প্রশাসনের ওপর হামলা চালায়। হামলাকারীরা ফয়সালকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিয়ে যায়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন সদস্য আহত হন।
সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান বলেন, মাদকবিরোধী অভিযানে দুজনকে আটক করা হয়েছিল। একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়। অন্যজনকে হ্যান্ডকাপ পরানোর পর সংঘবদ্ধ মাদক কারবারীরা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়।
তিনি আরও বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।