বরিশালের হিজলা উপজেলায় বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন ও চলমান কর্মসূচী নিয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান এমপি।
শনিবার(১৩ জুন) সকাল ১১টায় হিজলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় বরিশালের জেলা প্রশাসক খাইরুল ইসলাম সুমন, বরিশালের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, বরিশাল সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি), বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আহমেদ, হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদার এবং হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান হোসেন সহ উপজেলা প্রশাসনের প্রায় সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও প্রতিমন্ত্রীর সাথে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রতিমন্ত্রী রাজীব আহসান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত 'পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মেগা প্রকল্পের আওতায় হিজলা উপজেলায় আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। একই সাথে তিনি হিজলা উপজেলা চত্বরে একটি আধুনিক ও সর্ববৃহৎ এক হাজার আসন বিশিষ্ট অডিটোরিয়াম নির্মাণ এবং হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে বর্তমান ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ সহ অবহেলিত এই অঞ্চলের চিকিৎসাসেবা ও অবকাঠামোগত মানোন্নয়নে বেশ কয়েকটি মেগা প্রকল্প গ্রহণের ঘোষণা দেন।
আলোচনা সভায় উপস্থিত কর্মকর্তাদের দিক-নির্দেশনা প্রদানকালে এবং প্রকল্প উদ্বোধনের সময় প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, "জনগণের দোরগোড়ায় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সুফল পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। হিজলা উপজেলার সার্বিক অবোঠামো, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় যে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের ঐতিহাসিক ডাক দিয়েছেন, তা সফল করতে আমাদের প্রত্যেককে অন্তত একটি করে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করতে হবে।
তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করে আরও বলেন, হিজলার সাধারণ মানুষকে যেন সামান্য চিকিৎসার জন্য জেলা সদরে ছুটে যেতে না হয়, সেজন্যই স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ১০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সাথে উপজেলার সাংস্কৃতিক ও প্রশাসনিক সক্ষমতা বাড়াতে এক হাজার আসনের আধুনিক অডিটোরিয়াম নির্মাণ কাজ দ্রুতই শুরু হবে।
কোনো ধরনের দুর্নীতি বা গাফিলতি ছাড়াই প্রতিটি উন্নয়ন প্রকল্পের কাজ নির্দিষ্ট মেয়াদের মধ্যে সম্পন্ন করতে আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিচ্ছি। উপস্থিত জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী হিজলার সকল উন্নয়ন প্রকল্প স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী উপজেলা চত্বরে গাছের চারা রোপণ ও পানি ঢেলে উপজেলার বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।