বিজয়ের মাসে বাংলাদেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালনের ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, কাঁধে কাঁধ মিলিয়ে দেশ পাহারা দেবেন এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। কর্মসূচির আয়োজন করে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দল।
ইশরাক হোসেন অভিযোগ করেন, আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। জুলাইয়ে মানুষ হত্যা করেও তারা থামেনি, বরং আরও মানুষ হত্যার পরিকল্পনা করছে বলে মন্তব্য করেন তিনি। ৫ আগস্টের পর পরিস্থিতির পরিবর্তন হবে বলে আশা করেছিলেন জানিয়ে তিনি বলেন, তাঁর মতে, আওয়ামী লীগকে চিরতরে শেষ করতে পারলেই বাংলাদেশ মুক্তি পাবে।
গোপালগঞ্জে হাসপাতালে হামলার প্রসঙ্গ তুলে ইশরাক বলেন, জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধের সময়ও হাসপাতালে আক্রমণ নিষিদ্ধ। অথচ সেখানে হাসপাতালে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ভারতে শেখ হাসিনার অবস্থান প্রসঙ্গে ইশরাক বলেন, ভারত একজন আন্তর্জাতিক সন্ত্রাসীকে আশ্রয় দিয়েছে। ভারতে বসে শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার কথা বলছেন। তাঁর অভিযোগ, শেখ হাসিনা বাংলাদেশকে দাস রাষ্ট্রে পরিণত করেছিলেন। তবে রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়েই তাঁরা বর্তমান অবস্থানে এসেছেন। এ জন্য অনেক সহযোদ্ধা প্রাণ দিয়েছেন এবং অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
ডিসেম্বর মাসজুড়ে রাজপথে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ইশরাক বলেন, পুরো মাস তাঁরা রাজপথে থেকে নেতৃত্ব দেবেন এবং শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে নেওয়ার দাবি জানাবেন। মুক্তিযুদ্ধকে ব্যবহার করে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের গায়ে কলঙ্ক লেপন করেছেন উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধ কোনো দল বা গোষ্ঠীর পৈতৃক সম্পত্তি নয়।