“নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা অংশ নেন।
র্যালি শেষে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান। তিনি বলেন, সিটি কর্পোরেশনের মতো প্রতিটি উপজেলায় এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা প্রয়োজন। ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাই সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি।
তিনি আরও বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে মাঝে মাঝে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। তাই জনগণকে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব নিতে হবে। তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতাকে ধর্মীয় মূল্যবোধের অংশ হিসেবে উল্লেখ করে সবাইকে নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান।