কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে অভিযান চালিয়ে একটি বাড়ির চালের ড্রাম থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাঁজা বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে জসিম উদ্দিন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) রাতে উপজেলার পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং উপপরিদর্শক মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল মাদকবিরোধী অভিযান চালায়।
অভিযানকালে স্থানীয় মাদক কারবারি সুজন আলীর বাড়ির পেছনে কাঠখড়ির ঘরে রাখা একটি পরিত্যক্ত চালের ড্রামে বিশেষ কায়দায় সংরক্ষণ করা ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজার পাহারার দায়িত্বে থাকা জসিম উদ্দিনকে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, জসিমের কাছ থেকে গাঁজা বিক্রির নগদ ৮ হাজার টাকাও জব্দ করা হয়েছে। তিনি পাথরডুবি ইউনিয়নের পরিচিত মাদক কারবারি সুজা মিয়ার ছেলে বলে জানা গেছে।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, উদ্ধার হওয়া গাঁজা ও নগদ টাকা জব্দ করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি জানান, সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে মাদক চোরাচালানের প্রবণতা বেশি। এ ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।