দিনাজপুরের হাকিমপুরে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে আহসান হাবীব (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় শিক্ষার্থীর বাবা-মাসহ তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, লোহাচড়া গ্রামের নুরুজ্জামান কর্মসূত্রে স্ত্রী ও স্কুলপড়ুয়া মেয়েকে নিয়ে ঢাকায় বসবাস করেন। ঈদের ছুটিতে তারা গ্রামের বাড়িতে আসেন। পরে মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি নয়ানগর গ্রামে বেড়াতে যান।
সেখান থেকে মেয়েকে, তার খালা ও খালুকে নিয়ে ডাঙ্গাপাড়া বাজারে ঘুরতে গেলে একটি ফুচকার দোকানে আহসান হাবীব শিক্ষার্থীকে উত্ত্যক্ত করেন বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় নুরুজ্জামান প্রতিবাদ করলে আহসান হাবীব ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে নুরুজ্জামান, তার স্ত্রী এবং আরও একজন আহত হন।
আহত নুরুজ্জামান হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর শিক্ষার্থীর মা মনোয়ারা হোসেন বাদী হয়ে আহসান হাবীবসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে সোমবার দুপুর আড়াইটার দিকে নয়ানগর এলাকার নিজ বাড়ি থেকে আহসান হাবীবকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।