মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগান এলাকার রেলক্রসিংয়ে কালনী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে আব্দুল কাইয়ুম টিটু (৩২) নামে এক চালক আহত হয়েছেন। সোমবার (১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইস্পাহানী জেরিন চা বাগানের শ্রমিক পরিবহনের উদ্দেশ্যে ট্রাক্টর নিয়ে ভাড়াউড়া চা বাগানের দিকে যাচ্ছিলেন টিটু। রেলক্রসিং অতিক্রমের সময় সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন ট্রাক্টরটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আহত হন।
ইস্পাহানী জেরিন চা বাগানের উপমহাব্যবস্থাপক সেলিম রেজা জানান, চালক দ্রুত ট্রাক্টর থেকে লাফিয়ে পড়ে প্রাণে রক্ষা পেলেও আহত হন। পরে তাকে প্রথমে বাগানের হাসপাতালে এবং পরে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি অভিযোগ করেন, রেলক্রসিংয়ে দায়িত্বপ্রাপ্ত গেটম্যান উপস্থিত না থাকায় গেট নামানো হয়নি। ঘটনাস্থলে গিয়ে গেটম্যানের কক্ষ তালাবদ্ধ পাওয়া গেছে বলেও জানান তিনি। বিষয়টি পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।