টাঙ্গাইলের কালিহাতীতে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে সড়কের পাশে খাদে পড়ে ১৭ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিল হানিফ পরিবহনের ওই বাসটি। পথিমধ্যে কালিহাতীর ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।