বগুড়ার গাবতলী উপজেলায় মধ্যরাতে রীতা রানী মজুমদার (৪৫) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রীতা রানী মজুমদার ওই এলাকার বিধান চন্দ্র রায়ের স্ত্রী। দম্পতির এক ছেলে ও এক মেয়ে থাকলেও তারা দুজনই পড়াশোনার কারণে ঢাকায় অবস্থান করছেন। বাড়িতে স্বামী-স্ত্রী দুজনই বসবাস করতেন।
নিহতের স্বামী বিধান চন্দ্র রায় জানান, বুধবার রাত ১০টার দিকে তারা একসঙ্গে রাতের খাবার শেষ করেন। এরপর প্রতিদিনের মতো আলাদা ঘরে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে হঠাৎ তার ঘরের দরজায় জোরে ধাক্কার শব্দে তিনি জেগে ওঠেন। কিছুক্ষণ পর স্ত্রীর ঘর থেকে অস্বাভাবিক গোঙানির শব্দ শুনে দ্রুত সেখানে যান।
তিনি ঘরে ঢুকে দেখতে পান, রীতা রানীর গলাকাটা নিথর দেহ মেঝেতে পড়ে আছে। এ দৃশ্য দেখে তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে। এ সময় তিনি দেখতে পান, বাড়ির সদর দরজা খোলা ছিল।
ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি করেছে। প্রতিবেশীরা জানান, এমন নৃশংস হত্যাকাণ্ড এলাকায় আগে কখনো ঘটেনি।