নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে বিএনপি নেতা ওসমান গনি (৪০) খুন হয়েছেন। তিনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
নিহত ওসমান গনি উপজেলার বড় বিনাইরচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। বুধবার (২০ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার বিলসংলগ্ন কাউন্দার চক এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভেকু দিয়ে মাটি কাটা নিয়ে বিরোধের সূত্রপাত হয় দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রমজান আলীর সঙ্গে। এ বিরোধের জেরে তার লোকজন ওসমান গণির ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার জাবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে ঢাকা নেওয়ার আগেই তিনি মারা যান বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে নিহতের স্বজন ও দলীয় নেতাকর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়ক অবরোধ করেন এবং কয়েকটি যানবাহনে ভাঙচুর চালান। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আড়াইহাজার থানা পুলিশ এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েন করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।