রাজবাড়ীতে জাতীয় পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের অফিস সহায়ক মনিরা খাতুন (৩০)। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১০ মে) বিকেলে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ ভবানীপুর পশু হাসপাতাল এলাকায় অবস্থিত নিরাপদ খাদ্য অফিসে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অফিস ছুটি হওয়ার কিছুক্ষণ আগে নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে জাতীয় পতাকা নামাতে যান মনিরা খাতুন। এ সময় অসাবধানতাবশত পতাকার স্টিলের পাইপটি পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের সঞ্চালন লাইনের উচ্চ ভোল্টেজ তারের ওপর পড়ে যায়। স্টিলের পাইপ বিদ্যুতায়িত হয়ে মুহূর্তেই তীব্র বৈদ্যুতিক শকে তিনি গুরুতর আহত হন।
বিদ্যুতের প্রবল স্পর্শে মনিরার শরীরে আগুন ধরে যায় এবং তিনি মারাত্মকভাবে দগ্ধ হন। দুর্ঘটনার সময় অফিসে অন্য কেউ উপস্থিত না থাকায় দ্রুত উদ্ধার সম্ভব হয়নি, ফলে তার শরীরের বড় অংশ আগুনে ঝলসে যায়।
পরে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তার অবস্থা সংকটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠান।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান জানান, মনিরা বর্তমানে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তার জ্ঞান ফিরেছে, তবে শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক