পটুয়াখালীর মহিপুরে সরকারের ঘোষিত ৫৮ দিনের সমুদ্রে মাছ আহরণ নিষেধাজ্ঞা অমান্য করে লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনার অভিযোগে এক ব্যক্তিকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৮ মে ২০২৬) দুপুরে মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের ধোলাই মার্কেটে অবস্থিত ফাহিম মিনি আইস প্ল্যান্টে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক। অভিযানে দেখা যায়, সরকারি নিষেধাজ্ঞা চলমান থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি বরফ উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
অভিযানকালে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনার প্রমাণ পাওয়া গেলে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০-এর ৩৪ ধারায় প্রতিষ্ঠানটির মালিক হারুন অর রশিদ (৪৯)-কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানা অনাদায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সমুদ্রে মাছের প্রজনন ও মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে সরকার নির্ধারিত সময়ের জন্য মাছ আহরণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এই সময়ে বরফকল সচল রাখা অবৈধ মাছ ধরাকে উৎসাহিত করতে পারে, যা আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, ৫৮ দিনের অবরোধ কার্যকর রাখতে মাঠপর্যায়ে কঠোর নজরদারি চলছে। নিষেধাজ্ঞা চলাকালে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।