বরিশালের উজিরপুর উপজেলায় ঢাকা–বরিশাল মহাসড়কে বাসের চাপায় দাদি ও নাতনির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার পশ্চিম জয়শ্রী কাজী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন পশ্চিম জয়শ্রী গ্রামের মৃত পান্নু কাজীর স্ত্রী রোকসানা ইয়াসমিন (৬৫) এবং তার ছেলে রুবেল কাজীর সাত বছরের মেয়ে আরফা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১২-৩৬৭১) একটি যাত্রীবাহী বাস দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল অতিক্রম করার সময় দ্রুতগতিতে মহাসড়ক পারাপারের চেষ্টা করা দাদি ও নাতনিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।
ওসি মো. মহসীন হোসেন জানান, ঘাতক বাসটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে একই পরিবারের দুই সদস্যের এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।