প্রকাশ: ৩ মে ২০২৬, ১৮:৮

ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উপজেলা বিএনপির সভাপতির ছেলেসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২ মে) রাতে উপজেলার বাদুরতলা রোডের খাড়াকান্দা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের পরিচয় নিশ্চিত করেছে রাজাপুর থানা পুলিশ। আটকরা হলেন শুক্তাগড় ইউনিয়নের বামনকাঠি এলাকার বাসিন্দা এবং উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদের ছেলে আহমিদ বিন আজাদ ওরফে আলিফ (২২), এবং পূর্ব রাজাপুর এলাকার মো. শাহ আলম খানের ছেলে মো. মিরাজুল ইসলাম (২১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহমিদ বিন আজাদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে এলাকায় মাদক সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার অভিযোগও রয়েছে।
এলাকাবাসীর দাবি, রাজনৈতিক পরিচয়কে ব্যবহার করে তিনি বিভিন্ন সময় প্রভাব বিস্তার করতেন এবং কিছু স্থানে মাদক সেবনের আসর বসানোর কথাও শোনা যায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খাড়াকান্দা এলাকা থেকে তাদের আটক করা হয় এবং তল্লাশিতে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন বিশ্বাস জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আটকদের রোববার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।